বিখ্যাত ৪০টি হাদীস গ্রন্থ ও সংকলকগণের পরিচিতি
ইসলামি ইতিহাসের কালজয়ী হাদীস সংকলনসমূহের সংক্ষিপ্ত সারসংক্ষেপ
(১) সহীহ বুখারী (صحيح البخاري): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধতম মুহাদ্দিস ইমাম আল্লামা আবূ আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (১৯৪-২৫৬হি / ৮১০-৮৭০ খৃ) সংকলিত সহীহ হাদীসের সুপরিচিত গ্রন্থ। হাদীস বিষয়ক প্রসিদ্ধতম ছয়টি গ্রন্থ “আল-কুতুবুস সিত্তা" বা “সিহাহ সিত্তা”-র প্রথম গ্রন্থ।
(২) সহীহ মুসলিম (صحيح مسلم): তৃতীয় হিজরী শতকের অন্যতম প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী (২০৪-২৬১ হি/ ৮২০-৮৭৫ খৃ) সংকলিত সহীহ হাদীসের সুপরিচিত গ্রন্থ। হাদীসের ছয় গ্রন্থের দ্বিতীয় গ্রন্থ।
(৩) সুনান আবূ দাউদ (سنন ابي داود): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবূ দাউদ সুলাইমান ইবনু আশআস সিজিসতানী (২০২-২৭৫ হি/ ৮১৭- ৮৮৯ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ। হাদীসের প্রসিদ্ধ ছয়টি গ্রন্থের একটি।
(৪) সুনান তিরমিযী (سنন الترمذي): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবূ ঈসা মুহাম্মাদ ইবনু ঈসা আত-তিরমিযী (২০৯-২৭৫হি / ৮২৪-৮৯২ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। হাদীসের প্রসিদ্ধ ছয় গ্রন্থের একটি।
(৫) সুনান নাসাঈ (سنন النسائي): তৃতীয়-চতুর্থ হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আহমাদ ইবনু শুআইব আল-খুরাসানী আন-নাসাঈ (৩১৫-৩০৫হি/ ৮৩০- ৯১৫ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ হাদীসের প্রসিদ্ধ ছয় গ্রন্থের একটি।
(৬) সুনান ইবন মাজাহ (سنন ابن ماجة): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনু ইয়াযিদ ইবনু মাজাহ আল-কাযবীনী (২০৯- ২৭৩হি/ ৮২৪-৮৮৭ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। হাদীসের প্রসিদ্ধ ছয় গ্রন্থের সর্বশেষ গ্রন্থ।
(৭) মুআত্তা ইমাম মালিক (موطأ الامام مالك): দ্বিতীয় হিজরী শতকের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকীহ, সুপ্রসিদ্ধ চার ইমামের অন্যতম, ইমাম মালিক ইবনু আনাস আল-মাদানী (৯৩-১৭৯ হি/৭১২-৭৯৫ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ আল-মুআত্তা।
(৮) মুসনাদ ইমাম আবূ হানীফা (مسند الامام ابو حنيفة): দ্বিতীয় হিজরী শতকের অন্যতম শ্রেষ্ঠ তাবিয়ী ফকীহ ও মুহাদ্দিস, সুপ্রসিদ্ধ চার ইমামের অন্যতম, ইমাম আবূ হানীফা নু'মান ইবনু সাবিত আল-কূফী (৮০-১৫০হি/ ৬৯৯-৭৬৭ খৃ) বর্ণিত হাদীসগুলির সংকলন। তিনি নিজে হাদীসগুলি গ্রন্থাকারে সংকলন করেন নি তাঁর ইস্তেকালের পর কোনো কোনো মুহাদ্দিস তাঁর সূত্রে বর্ণিত হাদীসগুলি “মুসনাদ” আকারে সংকলন করেন। এদের মধ্যে অন্যতম আহমদ ইবনু আব্দুল আবূ নুআইম ইসপাহানী (৪৩০হি)। মুহাম্মাদ ইবনু মাহমুদ আবুল মুআইয়িদ খাওয়ারিযমী (৫৯৩- ৬৫৫হি/১১৯৭-১২৫৭ খৃ) “জামিউ মাসানীদিল ইমাম আবী হানীফা (جامع مسانيد الامام أبي حنيفة) নামে এ মুসনাদগুলি সংকলন করেন খাওয়ারিযমীর গ্রন্থটিই মুসনাদুল ইমাম আবী হানীফা নামে সর্বাধিক প্রসিদ্ধ।
(৯) মুসনাদ ইমাম শাফিয়ী (مسند الامام الشافعي): দ্বিতীয়-তৃতীয় হিজরী শতকের অন্যতম শ্রেষ্ঠ ফকীহ ও মুহাদ্দিস, প্রসিদ্ধ চার ইমামের অন্যতম, ইমাম মুহাম্মাদ ইবনু ইদরীস আশ-শাফিয়ী (১৫০-২০৪ হি/৭৬৭-৮২০ খৃ) বর্ণিত হাদীসগুলির সংকলন। ইমাম শাফিয়ী নিজে এ গ্রন্থ সংকলন করেন নি। পরবর্তী যুগের কোনো কোনো মুহাদ্দিস তাঁর সূত্রে বর্ণিত হাদীসগুলি “মুসনাদুশ শাফিয়ী” নামে সংকলন করেছেন। এদের মধ্যে অন্যতম আবূ আমর মুহাম্মাদ ইবনু জা'ফর আন-নিসাপূরী (৩৬০ হি)। তিনি ইমাম শাফিয়ীর বিভিন্ন গ্রন্থে তাঁর সূত্রে বর্ণিত হাদীসগুলি একত্রিত করে “মুসনাদুশ শাফিয়ী” নামে সংকলন করেন।
(১০) মুসনাদ ইমাম আহমদ (مسند الامাম আহমদ): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধতম মুহাদ্দিস ও ফকীহ, প্রসিদ্ধ চার ইমামের অন্যতম, ইমাম আবূ আব্দুল্লাহ আহমদ ইবনু মুহাম্মাদ ইবনু হাম্বাল শাইবানী (১৬৪-২৪১ হি/ ৭৮০-৮৫৫ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীসগ্রন্থ। গ্রন্থটি হাদীসের বিশ্বকোষ হিসেবে বিবেচিত। এতে প্রায় এক হাজার সাহাবীর সূত্রে প্রায় ৩০ হাজার হাদীস সংকলিত।
(১১) মুসনাদ দারিমী (مسند الدارمي): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ও মুফাস্সির আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনু আব্দুর রাহমান আদ-দারিমী (১৮১- ২৫৫হি/ ৭৯৭-৮৬৯ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ।
(১২) মুসনাদ আবূ দাউদ তায়ালিসী (مسند ابو داود الطيالسي): দ্বিতীয়-তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ দাউদ সুলাইমান ইবনু দাউদ তায়ালিসী (১৩৩-২০৪হি/ ৭৫০-৮১৯ খৃ) সংকলিত হাদীসগ্রন্থ।
(১৩) মুসনাদ আব্দ ইবনু হুমাইদ (مسند عبد بن حميد): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ মুহাম্মাদ আব্দ ইবনু হুমাইদ আল-কিস্সী (...-২৪৯হি/ ...-৮৬৩ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ।
(১৪) মুসনাদ হারিস ইবনু উসামা (مسند الحارث بن ابي اسامة): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ মুহাম্মাদ আল-হারিস ইবনু মুহাম্মাদ ইবনু আবী উসামা দাহির আত-তামীমী (১৮৬-২৮২হি/ ৮০২-৮৯৬২) সংকলিত হাদীসগ্রন্থ।
(১৫) মুসনাদ বাযযার (مسند البزار): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ বাক্ আহমদ ইবনু আমর ইবনু আব্দুল খালিক আল-বায্যার (...- ২৯২ হি/ ৯০৪ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ। গ্রন্থটি আল-বাহরুয যাখার নামেও পরিচিত।
(১৬) মুসনাদ আবূ ইয়ালা মাউসিলী (مسند ابي يعلى الموصلي): তৃতীয়-চতুর্থ হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ও হানাফী ফকীহ আবূ ইয়ালা আহমদ ইবনু আলী ইবনুল মুসান্না আল-মাউসিলী (২১১-৩০৭ হি/ ৮২৬-৯২০ খৃ) সংকলিত সুপ্রসিদ্ধ হাদীসগ্রন্থ। ইমাম আহমদের মুসনাদের পরেই বৃহত্তম ও প্রসিদ্ধতম “মুসনাদ” হিসেবে বিবেচিত।
(১৭) সহীহ ইবনু হিব্বান (صحيহ ابن حبان): চতুর্থ হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ হাতিম মুহাম্মাদ ইবনু হিব্বান আল-বুস্তী (.. - ৩৫৪হি/- ৯৬৫ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ। তিনি শুধু সহীহ হাদীস সংকলনের উদ্দেশ্যে এ গ্রন্থ রচনা করেন। ইবনু হিব্বান বুখারী ও মুসলিমের পরে অন্যতম সংকলক। তিনি নিজে গ্রন্থটির নামকরণ করেন: “আল-মুসনাদ আস-সহীহ আলাহ্ তাকাসীম ওয়াল আনওয়া" (المسند الصحيح على التقاسيم والانواع)।
(১৮) সহীহ ইবনু খুযাইমা (صحيح ابن خزيمة): চতুর্থ হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবূ বাকর মুহাম্মাদ ইবনু ইসহাক ইবনু খুযাইমা (২২৩-৩১১হি/ ৮৩৮-৯২৩ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। এর মূল নাম: “মুখতাসারুল মুখতাসার" (مختصر المختصر من المسند الصحيহ)
(১৯) মুসান্নাফ আব্দুর রায্যাক (مصنف عبد الرزاق): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুর রায্যাক ইবনু হুমাম আস-সানআনী (১২৬-২১১ হি/৭৪৪-৭২৭ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ। এতে রাসূলুল্লাহ (সা)-এর হাদীসের পাশাপাশি ব্যাপকভাবে “মাউকূফ” ও “মাকতূ” হাদীস (সাহাবী ও তাবিয়ীগণের কথা) বর্ণনা করা হয়েছে।
(২০) মিশকাতুল আনওয়ার লিশ শাইখিল আকবার (مشكاة الانوار): শাইখ মুহাম্মাদ ইবনু আলী ইবনু আরাবী (৫৬০-৬৩৮ হি) সংকলিত একটি হাদীসের গ্রন্থ। এ গ্রন্থে তিনি ১০১টি হাদীসে কুদসী সংকলন করেন। পুরো নাম: মিশকাতুল আনওয়ার ফী মা রুবিয়া আনিল্লাহি মিনাল আখবার।
(২১) সুনান আবূ মুসলিম আল-কাশি (سنن ابي مسلم الكشي): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ মুসলিম ইবরাহীম ইবনু আব্দুল্লাহ ইবনু মুসলিম আল-বাসরী আল-কাশী (...- ২৯২ হি/৯০৫ খৃ) সংকলিত হাদীস-গ্রন্থ।
(২২) মুসনাদ সাঈদ ইবনু মানসূর (مسند سعيد بن منصور): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ও মুফাস্সির আবূ উসমান সাঈদ ইবনু মানসূর খুরাসানী মাক্কী (... - ২২৭হি/...- ৮৪২ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ। গ্রন্থটি “সুনান” হিসেবেই বেশি পরিচিত।
(২৩) মুসান্নাফ ইবনু আবী শাইবা (مصنف ابن ابي شيبة): তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ বকর ইবনু আবী শাইবা আব্দুল্লাহ ইবনু মুহাম্মাদ (১৫৯-২৩৫হি/ ৭৭৬-৮৫০ খৃ) সংকলিত ‘মুসান্নাফ' গ্রন্থ, যাতে হাদীসে রাসূল (দঃ) ছাড়াও সাহাবী ও তাবিয়ীগণের কথা, কর্ম ও মতামত সংকলন করা হয়েছে।
(২৪) সুনানুল বাইহাকী আল-কুবরা (السنن الكبرى للبيهقي): ৫ম হিজরী শতকের অন্যতম প্রসিদ্ধ মুহাদ্দিস ও শাফিয়ী ফকীহ বহু গ্রন্থ প্রণেতা আবূ বাকর আহমদ ইবনু হুসাইন বাইহাকী (৩৮৪-৪৫৮ হি/ ৯৯৪-1০৬৬ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ।
(২৫) তারীখ ইবনু আসাকির: তারীখ দিমাশক (تاريخ دمشق لابن عساكر): ৬ষ্ঠ হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ও ঐতিহাসিক আলী ইবনুল হাসান আবুল কাসিম ইবনু আসাকির (৪৯৯-৫৭১ হি/ ১১০৫-১১৭৬ খৃ) সংকলিত প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ। এটি ইসলামের ইতিহাস বিষয়ক একটি বিশ্বকোষ এবং ৭০ খণ্ডে প্রকাশিত।
(২৬) তারীখ ইয়াহ্ইয়া ইবনু মায়ীন (تاريخ يحيى بن معين): আবূ যাকারিয়া ইয়াহইয়া ইবনু মায়ীন (১৫৮-২৩৩ হি)-এর রাবীগণের জারহ-তা’দীল বা গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা বিষয়ক মতামত সংকলন। এটি হাদীসের সনদ বিচারের একটি মৌলিক তথ্যসূত্র।
(২৭) শিফায়ে কাযী ইয়ায (الشفا للقاضي عياض): কাযী ইয়ায ইবনু মূসা ইয়াহসূরী (৪৭৬-৫৪৪ হি) রচিত একটি গ্রন্থ। রাসূলুল্লাহ (দঃ)-এর পরিচয়, আখলাক, চরিত্র ও মর্যাদা সম্পর্কে তিনি এ গ্রন্থটি রচনা করেন। পূর্ণ নাম: আশ-শিফা বিতা'রীফি হুকুকিল মুসতাফা।
(২৮) শারহুস সুন্নাহ, বাগাবী (شرح السنه للبغوي): আবূ মুহাম্মাদ হুসাইন ইবনু মাসউদ আল-বাগাবী (৪৩৬-৫১০হি) সংকলিত একটি হাদীস ও ব্যাখ্যাগ্রন্থ। এ গ্রন্থে তিনি সাড়ে চার হাজার হাদীস বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে সংকলন করে ব্যাখ্যা উল্লেখ করেছেন।
(২৯) আয্ যুহদু ওয়ার রাকাইক, আব্দুলাহ ইবনুল মুবারাক (الزهد والرقائق): আব্দুলাহ ইবনুল মুবারাক (১১৮-১৮১ হি) সংকলিত হাদীস-গ্রন্থ। এতে ইখলাস, আমল, আত্মশুদ্ধি ইত্যাদি বিষয়ে বর্ণিত হাদীস ও সাহাবী-তাবিয়ীগণের কথা সংকলন করা হয়েছে।
(৩০) নাওয়াদিরুল উসূল, হাকিম তিরমিযী (نوادر الاصول): চতুর্থ হিজরী শতকের প্রসিদ্ধ আলিম ‘হাকিম তিরমিযী' মুহাম্মাদ ইবনু আলী (মৃত্যু আনু. ৩২০হি/৯৩২ খৃ) সংকলিত একটি গ্রন্থ।
(৩১) কিতাবুদ্দুয়া, তাবারানী (كتاب الدعاء للطبراني): সুলাইমান ইবনু আহমদ আবুল কাসিম তাবারানী (২৬০-৩৬০হি) সংকলিত একটি দুআর গ্রন্থ। এতে দুআর ভাষা, বাক্য, সময় ও গুরুত্ব বিষয়ক হাদীসগুলি সংকলিত।
(৩২) ইকতিদাউল ইলমিল আমাল, খতীব (اقتداء العلم العمل): খতীব বাগদাদী (৩৯২-৪৬৩ হি) কর্তৃক ইলম অনুসারে আমল পরিশুদ্ধ করার গুরুত্ব ও আমল-বিহীন ইলমের পরিণতি বিষয়ে রচিত গ্রন্থ।
(৩৩) আল-মুসতাখরাজ আলা সাহীহিল বুখারী, ইসমাঈলী (المستخرج): আহমদ ইবনু ইবরাহীম আবূ বাকর আল-ইসমাঈলী (২৭৭-৩৭১ হি) সংকলিত সহীহ বুখারীর “মুসতাখরাজ” গ্রন্থ। এতে তিনি বুখারীর হাদীসগুলি অন্য সনদে সংকলন করেন।
(৩৪) মুসতাদরাক হাকিম (المستدرك للحاكم): ইমাম আবূ আব্দুল্লাহ আল-হাকিম আন-নিসাপূরী (৩২১-৪০৫হি) সংকলিত গ্রন্থ। পূর্ণ নাম "আল-মুসতাদরাক 'আলাস সাহীহাইন"। এতে তিনি দুই সহীহ গ্রন্থের শর্ত অনুযায়ী বাদ পড়া হাদীস সংকলন করেছেন।
(৩৫) আল-ফারজু বা’দাশ শিদ্দাহ, ইবনু আবিদ দুনইয়া (الفرج بعد الشدة): ইবনু আবিদ-দুনইয়া (২০৮-২৮১ হি) সংকলিত একটি হাদীস গ্রন্থ। বিপদে হতাশ না হওয়া এবং কষ্টের পরে প্রশান্তির বিষয়ে হাদীসগুলি এখানে রয়েছে।
(৩৬) আল-মুসতাখরাজ আলা সাহীহি মুসলিম, আবূ আওয়ানা (المستخرج): আবূ আওয়ানা ইয়াকুব ইবনু ইসহাক আল-ইসফিরাঈনী (মৃত্যু ৩১৬ হি) সংকলিত সহীহ মুসলিমের “মুসতাখরাজ” গ্রন্থ।
(৩৭) হিলইয়াতুল আউলিয়া, আবূ নুআইম (حلية الاولياء لابي نعيم): আবূ নুআইম ইসপাহানী (৩৩৬-৪৩০ হি) সংকলিত জীবনীমূলক গ্রন্থ। এতে সাহাবীগণের যুগ থেকে সূফী ও বুজুর্গগণের জীবনী ও তাঁদের বর্ণিত হাদীস রয়েছে।
(৩৮) জিয়াদুল মুসালসালাত, সুয়ূতী (جياد المسلسلات للسيوطي): জালালুদ্দীন সুয়ূতী (৮৪৯- ৯১১ হি) সংকলিত “মুসালসাল হাদীস" বিষয়ক প্রসিদ্ধ গ্রন্থ।
(৩৯) আযরিয়াতুত তাহিরা (الذرية الطاهرة): আবূ বিশর মুহাম্মাদ ইবনু আহমদ আদ-দূলাবী (২২৪-৩১০হি) কর্তৃক রাসূলুলাহ (দঃ)-এর পরিবারবর্গ ও বংশধরদের বিষয়ে সংকলিত একটি প্রসিদ্ধ গ্রন্থ।
(৪০) আমালুল ইয়াওমি ওয়ালাইলা, ইবনুস সুন্নী (عمل اليوم والليلة): ইবনুস সুন্নী (২৮০-৩৬৪ হি) সংকলিত হাদীস গ্রন্থ। এতে দিবস ও রাতের বিভিন্ন সময়ের আমল ও যিকর আযকার বিষয়ক হাদীসগুলি সংকলন করা হয়েছে।
ইসলামের অমূল্য এই সম্পদগুলো প্রতিটি মুসলিমের জন্য অনুপ্রেরণা ও সঠিক পথের দিশারি।
